হরমুজ পাড়ি দেওয়া ‘বাংলার জয়যাত্রা’ এখন ডারবানের পথে

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৬, শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শেষ হলো চার মাসের অপেক্ষা। হরমুজ প্রণালি পাড়ি দেওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এখন দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের পথে রয়েছে।

জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পৌঁছানোর তিনদিন পরে বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকাল ৯টায় ডারবানের পথ ধরে।

জাহাজের চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান বিষয়টি জানিয়েছেন। তিনি আজ শনিবার (২৭ জুন) সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে চলছি। বুধবার আমরা জ্বালানি নিই। এরপর জাহাজের হাল ক্লিনিং (জাহাজের পানির নিচে থাকা অংশে জমে থাকা সামুদ্রিক শৈবাল, ঝিনুক ও অন্যান্য সামুদ্রিক জীব পরিষ্কার করা) সফলভাবে সম্পন্ন করা হয়। যেহেতু জাহাজটি সোমালিয়া উপকূলীয় এলাকা অতিক্রম করবে, তাই ফুজাইরাহ থেকে ২৫২ নটিক্যাল মাইল অতিক্রম করার পর জাহাজে ৪ জন সশস্ত্র ‘আর্মড গার্ড’ ওঠার কথা রয়েছে। তারা অস্ত্রসহ পুরো যাত্রাপথে জাহাজের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।’

আজ সকাল পৌনে ১১টায় জাহাজের অবস্থান নির্ণয়কারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এ দেখা যায়, তখন ওমান উপসাগর ও আরব সাগরের সংযোগ স্থলের কাছাকাছি ওমানের সুর বন্দরের কাছাকাছি এলাকায় ‘বাংলার জয়যাত্রা’ অবস্থান করছিল।

জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতি অনুকূলে থাকলে ১২ জুলাই আমরা দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছাব।’

জাহাজটিতে বর্তমানে ৩৭ হাজার ৫০০ টন সার আছে। এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে এসব সার বাংলার জয়যাত্রায় বোঝাই করা হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালি পাড়ি দিতে না পারায় দীর্ঘদিন ধরে এসব সার নিয়েই পারস্য উপসাগরের একাধিক বন্দরে অবস্থান নিয়ে ছিল ‘বাংলার জয়যাত্রা’।

১১৫ দিন হরমুজ প্রণালিতে আটকে থাকার পর ২৩ জুন বাংলাদেশ সময় রাত ৩টার দিকে প্রণালি অতিক্রম করে ‘বাংলার জয়যাত্রা’। সেদিনই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে নোঙর করেছিল জাহাজটি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানির অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। জাহাজটির ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়