১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, ডাকাতির সরঞ্জামসহ মাইক্রোবাস ও অস্ত্র উদ্ধার

(সাংবাদিক) সাকিবুল হাসান শুভ বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:২৬, সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৪ মামলার আসামিসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা এলাকায় কোকিল টেক্সটাইলের সামনে অভিযান পরিচালনা করে সদর মডেল থানার একটি টিম। খবর ছিল, একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে রাতব্যাপী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। তবে এ সময় আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রামদা, ১টি পেরেক লাগানো গদা (স্পাইকড ক্লাব), ১টি সাইকেলের প্যাডেলযুক্ত কুড়াল, ১টি সাদা রঙের নোয়া মডেলের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-২৫৫৬), নগদ ৩ হাজার ৩০০ টাকা, ১টি হেলমেট, ১টি নীল রঙের মাংকি টুপি, ১টি স্টিলের টর্চলাইট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন ফোন, ১টি মোটা রশির বান্ডেল এবং হ্যান্ডকাফের একটি চাবি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকল আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাশেক মিয়া (কসবা), মোঃ জাহাঙ্গীর আলম (নবীনগর), রফিকুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া সদর) এবং মোঃ কামাল মিয়া (নবীনগর)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রাশেক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে ১টি ধর্ষণ মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়