রাঙ্গাবালী আদালত প্রাঙ্গণে সাংবাদিককে বাধা ও হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: || বিএমএফ টেলিভিশন
পটুয়াখালীর রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে গ্রীন টিভির সাংবাদিক মো. প্রিন্স মাহমুদকে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রাঙ্গাবালী থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি আদালত প্রাঙ্গণে সাজাপ্রাপ্ত আসামিদের বিষয়ে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন সাংবাদিক মো. প্রিন্স মাহমুদ। এ সময় আসামিপক্ষের কয়েকজন ব্যক্তি তার সংবাদ সংগ্রহ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান মলিন, সামিম, সোহেল প্যাদাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। তারা সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং একপর্যায়ে তার হাতে থাকা ক্যামেরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া সাংবাদিকের সঙ্গে অশোভন, অপমানজনক ও অসৌজন্যমূলক আচরণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশ করলে বিভিন্ন ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর সাংবাদিক মো. প্রিন্স মাহমুদ নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৬৫২ এবং সময় দুপুর ২টা ৩০ মিনিট।
সাংবাদিক মহলের দাবি, সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।