সাতক্ষীরার আশাশুনিতে হত্যা মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২৪, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাঠি গ্রামের বাসিন্দা প্রবীর কুমার মন্ডল (৫৩) এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় ৬ বছর আগে তার মেয়ে কৃষ্ণা রানী মন্ডলের সঙ্গে আশাশুনির নওয়াপাড়া গ্রামের সাধন সরকারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্রসহ উল্লেখযোগ্য পরিমাণ যৌতুক দেওয়া হলেও পরবর্তীতে আরও যৌতুকের দাবিতে তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ১৭ জুলাই পারিবারিক কলহের জেরে তার মেয়ে কৃষ্ণা রানী মন্ডলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় তার স্ত্রী রিক্তা রানী মন্ডল আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শেষে সাধন সরকার ও তার ভগ্নিপতি দেব কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

প্রবীর কুমার মন্ডল বলেন, আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে মামলা তুলে নিতে তাদের হুমকি দিতে থাকে। গত ২০ এপ্রিল বুধহাটা বাজার এলাকায় তাকে মারধরের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় গত ২৪ এপ্রিল তিনি আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান।

তিনি আরও অভিযোগ করেন, জিডির পর আসামীরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়