মেহেরপুরে ক্ষুদে বিজ্ঞানীদের দারুণ উদ্ভাবনের প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৭, বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী এই মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা স্বয়ংক্রিয় কৃষি গবেষণা কেন্দ্র, ফার্ম সম্প্রসারণ প্রযুক্তি, উন্নত কৃষি ব্যবস্থা এবং ফ্যাক্টরি কার্বন ফিল্টারসহ নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও গবেষণামুখী মনোভাব দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আহ্বান জানান।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবিত নানা প্রকল্প উপস্থাপন করছে।

মেলায় আগত দর্শনার্থীরা শিক্ষার্থীদের তৈরি প্রকল্প ঘুরে দেখছেন এবং তাদের উদ্ভাবনী চিন্তাধারার প্রশংসা করছেন।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই মেলায় বিভিন্ন প্রতিযোগিতা, প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়