গাবুরা ইউনিয়নে বাড়ছে মাটির লবণাক্ততা, ফেটে যাচ্ছে কৃষিজমি—উদ্বিগ্ন স্থানীয়রা
সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নসহ উপকূলীয় অঞ্চলে দিন দিন বেড়ে চলেছে মাটির লবণাক্ততা, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে স্থানীয়দের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, লবণাক্ত মাটি শুকিয়ে গেলে দ্রুত শক্ত হয়ে ফেটে যায়,যা কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
সোমবার (৬ এপ্রিল) সরেজমিনে গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া ও ১০ নম্বর সোরা এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ কৃষিজমি চৌচির হয়ে ফেটে গেছে। কোথাও কোথাও জমির উপরিভাগে সাদা লবণের আস্তরণ স্পষ্টভাবে দৃশ্যমান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে বিল ও কৃষিজমির পানি কমে গেলে মাটির উপর লবণের স্তর জমে। এতে মাটির স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে জমি শক্ত হয়ে যায় এবং ফেটে পড়ে। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, কমে যাচ্ছে ফসলের উৎপাদন।
গাবুরা ডুমুরিয়া গ্রামের কৃষক মাজেদ গাজী বলেন, আগে এই জমিতে বিভিন্ন ধরনের ধান ও শাকসবজি চাষ হতো। এখন লবণাক্ততার কারণে ফলন অনেক কমে গেছে। অনেক জমি অনাবাদি পড়ে আছে। শুকনো মৌসুমে মাটির ফাটল আরও বেড়ে যায়, এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষিবিদদের মতে, জলবায়ু পরিবর্তন, জলোচ্ছ্বাস এবং নদীর লবণাক্ত পানি প্রবেশের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তারা জানান, লবণাক্ততা নিয়ন্ত্রণে মিঠা পানির সরবরাহ বাড়ানো, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং লবণ সহনশীল ফসল চাষের ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
এদিকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ঐ এলাকারা কৃষকরা । তাদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কৃষি উৎপাদন ও বসবাসযোগ্যতা বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে।