মেহেরপুর সীমান্তে হাতবোমাসহ একজন আটক, ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:০৫, শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাংনী উপজেলায় ধলা ও কাথুলী সীমান্তে পৃথক দুটি অভিযানে দুটি  হাতবোমা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মমতাজ আলী (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। আটককৃত মমতাজ আলী গাংনী উপজেলার কালিগাংনী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের দু'টি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মমতাজ আলীকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

অপরদিকে, উপজেলার কাথুলী সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের কোনো মালিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত হাতবোমা, মদ ও ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ায় গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। আটক মমতাজ আলীর নামে মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়