মেহেরপুরে প্রায় ৭০ বিঘা গম আগুনে পুড়ে গেছে

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৩৯, বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে অগ্নিকাণ্ডে প্রায় ৭০ বিঘা জমির পাকা গম পুড়ে গেছে। এতে কৃষকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৌসুমের শেষ সময়ে এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পাশের জমিগুলোর পাকা গমেও আগুন ধরে যায়। মাঠে বাতাসের কারণে আগুন মুহূর্তের মধ্যে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই গমের জমির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। 

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা বলেন, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্থ চাষিদের তালিকা করে প্রনদনার আওয়াত সহায়তা করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়