টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দায় অস্বীকার করলো জামায়াত

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৭, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার সরদারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

তবে যারা ঘটনাটি ঘটিয়েছে তারা জামায়াত বা শিবির কর্মী নয় বলে দাবি জেলা আমির অধ্যাপক রেজাউল করিমের। তিনি বলেছেন, যারা আক্রমণ করেছেন তারা কোনোভাবেই জামায়াত বা শিবিরের সঙ্গে জড়িত নয়। পারিবারিক শত্রুতাকে অন্য খাতে প্রবাহিত করতে জামায়াত-শিবিরের নামে অহেতুক অভিযোগ করেছে।

অন্য দিকে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাসির বলেছেন, আহতরা বিএনপির জামায়াত কর্মী নয়। তারা অন্যদেরকে ফাঁসানোর জন্য নিজেদেরকে বিএনপি কর্মী হিসাবে পরিচয় দিয়ে সুবিধা নিতে এমনটি দাবি করেছে।

জানা গেছে, এ ঘটনায় বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখসহ মোট পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল সরদার পাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ও দ্বীন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে। টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার শেখের অভিযোগ, সরদারপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জিয়ারুল ও জামসেদ মোল্লার দুই ছেলে নুর ইসলাম ও দ্বীন ইসলাম জামাত শিবিরের রাজনীতি করে। আর আমরা বিএনপির রাজনীতি করি। নির্বাচনের আগে ওদের বাড়িতে একাধিকবার ভোট চাইতে গেলে তারা বিভিন্ন খারাপ কথা বলে ও ভোট না চাইতে যাবার জন্য হুমকি দেয়।

নির্বাচন পরবর্তী রোববার বিকালে রাস্তায় গেলে কটু কথা শুরু করে তখন এর প্রতিবাদ করলে জিয়ারুল, দ্বীন ইসলামসহ সিদ্দিক মোল্লার আরও তিন ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর হামলা করে এবং মাথায় কোপ দেয়। তখন আমার স্ত্রী ও ভাতিজা ঠেকাতে আসলে তাদের উপর হামলা করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ঘটনা শোনার পরে সরজমিনে পুলিশ তদন্ত করতে গিয়েছে। এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়