বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসন—ঢাকা-১৭ ও বগুড়া-৬—থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখা যাবে। সে অনুযায়ী বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, এই সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। এখন সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণার পর তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ধারা ১৯(১)(খ) অনুযায়ী কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। তবে ধারা ১৯(২) বলছে, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন আসন রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করবে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। তিনি ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন।
এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ২১১টি এবং বৈধ ভোট হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।
অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ১৪ হাজার ৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ৯৬ হাজার ৫০৭ ভোট। এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছিলেন। বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ।
গেল বৃহস্পতিবার ভোটের পর ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট হয়েছে শুক্রবার। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন হয়েছে। এবারের নির্বাচনে ২০৯টি আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।