প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ডেক্স রিপোর্ট || বিএমএফ টেলিভিশন
মায়ের মৃত্যুতে শেষবারের মতো বিদায় জানাতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগরের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
বুধবার (৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা ও দাফন শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় জেলা কারাগারে নেওয়া হয়।
হাবিবের মায়ের নাম বিলকিস আমিন (৭০)। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা এবং মৃত রুহুল আমিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বিলকিস আমিন। বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়। ছেলে হাবিবুর রহমান কারাগারে থাকায় তার উপস্থিতিতে জানাজা সম্পন্ন করতে রাতের সময় নির্ধারণ করা হয়।
পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান হাবিব। রাত ৮টার পর সিদ্ধিরগঞ্জের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন সম্পন্ন করে পুলিশি নিরাপত্তায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, জানাজাকে কেন্দ্র করে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল। জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য কারাবন্দি হাবিবুর রহমানকে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধী মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।