ডেঙ্গু মোকাবিলায় নতুন উদ্যোগ, মিরপুরে চালু হলো মোবাইল ফিভার ক্লিনিক

হোসেন আলী, ঢাকা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:২৮, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি মোকাবিলা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মিরপুরে উদ্বোধন করা হয়েছে ‘মোবাইল ফিভার ক্লিনিক’। আজ সকাল ৯টায় মিরপুর-১০ এলাকার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ডেঙ্গু আক্রান্ত রোগী দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান এবং জটিলতা দেখা দেওয়ার আগেই রোগীদের যথাযথ চিকিৎসার আওতায় নিয়ে আসা। বিশেষ করে জ্বরের উপসর্গ দেখা দিলে সাধারণ মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি হামসহ অন্যান্য সংক্রামক রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে পরামর্শ প্রদানও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, শুধু রোগ শনাক্ত ও চিকিৎসা নয়, বরং রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

এক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এমন উদ্যোগ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট।

তবে এ ধরনের সেবা কার্যক্রমের ধারাবাহিকতা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, দক্ষ স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্যতা নিশ্চিত করাও জরুরি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়