ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড
ডেক্স রিপোর্ট || বিএমএফ টেলিভিশন
ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানী।সিদ্ধান্ত অনুযায়ী,জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন শ্রমিকরা।
গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে পোশাকশ্রমিকরা। এমতাবস্থায় এ খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভা করল।
এর আগে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক শিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।
বৈঠকে পোশাক শিল্পের বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করেন।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলছে। আজ বুধবারও এসব এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটে।
সবশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা কার্যকর হয় পরের মাসে। ওই সময় তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
প্রসঙ্গত, বেতন বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনের মধ্যে গত রোববার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে শ্রম মন্ত্রণালয়। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ করা হয়।
একই দিনই আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ করা হয়।