ইতালির ফরলী শহরে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা, উপকৃত সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি

হিমেল জমাদ্দার, ইতালি বলোনীয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৫৬, রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ইতালির ফরলী শহরে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফরলীর সার্বিক সহযোগিতায় গত ২৪ ও ২৫ অক্টোবর সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের পক্ষ থেকে মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ কার্যক্রম পরিচালনা করে। এতে ফরলী ও আশপাশের আটটি অঞ্চলে বসবাসরত সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা গ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ কার্যক্রমে পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ সংক্রান্ত সেবা, নো ভিসা, পূর্বে জমা দেওয়া পাসপোর্ট বিতরণ, জন্মনিবন্ধন সংক্রান্ত ডকুমেন্ট বিতরণসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ গ্রহণ করা হয়নি।

এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফরলীর সভাপতি তানভীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল, উপদেষ্টা ফুয়াদ মির্ধা ও মো. রেজাসহ সংগঠনের কার্যকরী সদস্য এবং স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

এ ছাড়া লালন, নাহিদ, বিল্লাল, শাওন, রাফি, ওসমান, ডিএসপি, ইসলাম, ইব্রাহিম, সাদ্দাম, রোমান, রিফাত, জিহাদ, সোহেল, রাজিব, সাগর, রাকিব, ইউনুস, আকাশ, আক্তার, জুবায়ের, ইয়াসিন, শান্তসহ আরও অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।

সেবা গ্রহণে আসা প্রবাসীদের সুবিধার্থে যাঁরা প্রয়োজনীয় ফরম সঙ্গে আনতে পারেননি, তাঁদের বিনামূল্যে ফরম সরবরাহ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিনামূল্যে সহযোগিতা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ সময় প্রবাসীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করেন।

কার্যক্রম শেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফরলীর পক্ষ থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের সকল কর্মকর্তা-কর্মচারী এবং ফরলীসহ আশপাশের বিভিন্ন শহর থেকে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে কনস্যুলেট জেনারেল, মিলানের পক্ষ থেকেও ফরলীর বাংলাদেশি কমিউনিটিকে ধন্যবাদ জানানো হয়। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় ইতালিয়ান পুলিশ প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এদিকে, ফরলীর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে দাবি জানানো হয়েছে, প্রবাসীদের ভোগান্তি কমাতে ফরলী ও আশপাশের শহরগুলোতে নিয়মিত বিরতিতে এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু রাখা হোক।

প্রবাসীদের প্রত্যাশা, নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করা হলে দূরবর্তী শহর থেকে মিলানে যাতায়াতের ভোগান্তি ও ব্যয় কমবে এবং প্রবাসীরা সহজেই প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়