জিজ্ঞাসা: শুক্রবার মারা গেলে কবরের আজাব হয় না?

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:১০, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

একজন ব্যক্তির জিজ্ঞাসা ছিল, শুক্রবার মারা গেলে কবরের আজাব হয় না? এর জবাবের মাধ্যমে আমাদের অনেকের প্রশ্নের উত্তর মিলবে। 
আমার নাম মুজাম্মিল হক। বাড়ি কুমিল্লার তিতাস থানায়। আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে যে, শুক্রবার কেউ মারা গেলে কবরের আজাব হয় না। কথাটা কি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত?

প্রাজ্ঞ আলেমরা বলেন, একাধিক হাদিসে শুক্রবার দিন বা রাতে ইন্তেকাল করার মর্যাদা বর্ণিত হয়েছে। যেমন বলা হয়েছে, কেউ শুক্রবার দিন বা রাতে মারা গেলে সে কবরের ফেতনা, পরীক্ষা ও হিসাব থেকে রক্ষা পাবে। এমন ব্যক্তি শহীদের সমান সাওয়াব পাবে। এজন্য আলেমরা বলেন, জুমার দিন ইন্তেকাল করা সৌভাগ্যের প্রতীক। তবে হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন, কবরের আজাব থেকে মুক্তির বিষয় শুধু শুক্রবারের জন্য প্রযোজ্য। আবার কারো মতে, ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরের আজাব থেকে রক্ষা পাবে। আল্লাহর রহমত ও অনুগ্রহের ওপর ভরসা করে আশা করা যায়, শুক্রবার ইন্তেকালকারী কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি থেকে রেহাই পাবে এবং সর্বদা শান্তিতে থাকবে। 
অন্যদিকে কোনো পাপী বা অমুসলিম ব্যক্তি যদি জুমার দিন বা রমজান মাসে মারা যায়, তবে জুমার দিন ও রমজান মাসের সম্মানে তার কবরের আজাব শুধু এই দিন ও মাসেই বন্ধ থাকবে। জুমার দিন ও রমজান মাস গত হলে পুনরায় তার কবরের আজাব শুরু হবে। ইবনে শিহাব (রহ.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে মারা যাবে সে কবরের ফেতনা থেকে মুক্তি পাবে এবং তাকে শহীদ হিসেবে লিপিবদ্ধ করা হবে। (মুসান্নাফে আবদুর রাজ্জাক : ৩/৫৫০)
হাকিম তিরমিজি (রহ.) বলেন, যে ব্যক্তি জুমার দিন মারা যায় আল্লাহর সামনে তাঁর (শুধু নেক) আমলগুলো পেশ করা হয়। কেননা শুক্রবার জাহান্নাম উত্তপ্ত করা হয় না, তার দরজা বন্ধ রাখা হয়, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা অন্যদিনের মতো আমল করে না। শুক্রবার যে বান্দার রুহ কবজ করা হয়, এটা তার সৌভাগ্যের প্রতীক ও উত্তম পরিণতির নিদর্শন। এই দিনে শুধু তাদেরই রুহ কবজ করা হয়, আল্লাহ যাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। এজন্যই তাকে কবরের আজাব থেকে মুক্তি দেওয়া হয়। (কুতুল মুগতাদি : ১/৩২৪)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়