জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:১১, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ভারতের তামিলনাড়ুতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চেন্নাইয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশে নেয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গণতন্ত্র রক্ষা করো’ শীর্ষক এ বিক্ষোভের আয়োজন করেন কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটি। ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে ইন্ডিয়া জোটের সাতটি শরিক দলের নেতারা অংশ নেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভোটার তালিকার কথিত অনিয়মের অভিযোগে চলমান বিক্ষোভের মধ্যে চেন্নাইয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাহুল-বিজয় বৈঠকের পর নতুন তৎপরতা

কংগ্রেসের নেতৃত্বাধীন বিক্ষোভে টিভিকের অংশগ্রহণের কয়েক দিন আগে দলটির প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

গত ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের সঙ্গে তার এ বৈঠক হয়। দক্ষিণ ফার্স্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বিরুদ্ধে ভবিষ্যতে যৌথ আলোচনা, প্রচার ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বিজয় ও তার দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই দলীয় সূত্রের বরাত দিয়ে জানায়, চেন্নাইয়ের শহরতলির নীলাঙ্কারাই এলাকায় বিজয়ের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই নেতা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়