‘শাহরুখ খান আমার স্বপ্নের পুরুষ’

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৩১, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

টালিউডের মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র মাত্র ৯ বছর বয়সে মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। মাত্র ১৬ বছর বয়সেই অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। তবে অভিনয়ই যে ভবিষ্যতে তার পেশা হবে, তা ছোটবেলায় ভাবেননি বলেও জানান এ অভিনেত্রী। যদিও অভিনয়ের প্রথাগত শিক্ষা নেই, নিজেকে এখনো ‘নন টেকনিক্যাল’ অভিনেত্রী বলে মনে করেন তিনি। অথচ বলিউডেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। এখন তিনি এ প্রজন্মের পরিচিত নাম সৌরসেনী মৈত্র।

সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিব্বা নিব্বি’ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার চর্চা তুঙ্গে। সেখানে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন সৌরসেনী।

এ সিনেমার প্রচার সবে শেষ হয়েছে। সম্প্রতি সৌরসেনী মৈত্র একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তার মডেলিং-অভিনয় জগতে জড়িয়ে পড়ার গল্প জানান। ‘চিটাগং’ সিনেমা দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রীর। কলকাতার পাশাপাশি বলিউডেও বেশ কয়েকটি কাজ তার ঝুলিতে। এখনো বেছে বেছে সিনেমা করতে ভালোবাসেন তিনি। আপাতত অভিনেত্রী সিঙ্গেল আছেন। প্রেম করার যেন তার সময় নেই। কারণ ৯ বছর বয়সেই মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও মডেলিং জীবন চুটিয়ে উপভোগ করেছেন তিনি।

মডেলিং ও বিজ্ঞাপনী সিনেমা করতে করতেই অভিনয়ের দরজা খুলে যায় সৌরসেনী মৈত্রর। ২০১২ সালে বেদব্রত পাইনের ‘চিটাগং’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এর পাশাপাশি মুম্বাইয়েও কিছু বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি।

প্রশিক্ষণ ছাড়াই কাজ করতে করতে অভিনয় শেখার পথ বেছে নিয়েছেন সৌরসেনী। তাই তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক বোধহয় চরিত্র নির্বাচনের বৈচিত্র্য। প্রচলিত নায়িকার ছকের মধ্যে নিজেকে আটকে না রেখে বারবার ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি।

শাহরুখ খান আমার স্বপ্নের পুরুষ বলে জানান সৌরসেনীর। এমনকি তার প্রথম ‘ভালোবাসা’ও। ‘ডিয়ার জিন্দেগি’ তার পছন্দের সিনেমা। প্রশ্ন শেষ করার আগেই গলায় উত্তেজনা ঝরে পড়ল তার। তিনি বলেন, প্রশ্নটা করার আগে নাম শুনেই আমি উত্তেজিত হয়ে গেছি। আমি খুব ভালোবাসি শাহরুখকে। প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখা হয়েছিল আমাদের। একটা ছবি তুলেছিলাম। সেই ছবি আমার বাড়িতে বাঁধানো আছে। ছবিটার সঙ্গে আমি মাঝেমধ্যে কথাও বলি। এর পর মণীশ মালহোত্রের দিওয়ালি পার্টিতে দুবার দেখা হয়েছে। প্রথমবার আমি প্রণাম করলাম আমার ভগবানকে। উনি গাল টিপে আদর করেছিলেন। আমি ওকে সরাসরি বলেছিলাম— ‘স্যার, আমি তো আর মেকআপ তুলব না, স্নানও করব না সাত দিন’।

তিনি বলেছিলেন— ‘দূর পাগল মেয়ে, আরও ভালো কাজ করো! মণীশের কাছে তোমার কথা শুনেছি। আরও উন্নতি কর জীবনে’। অনেকে বলেন, প্রিয় তারকার সঙ্গে দেখা করো না, মোহভঙ্গ হতে পারে। আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। শাহরুখের সঙ্গে দেখা হওয়ার পর থেকে ওর প্রতি সম্মান আরও বেড়ে গেছে। প্রত্যেক মানুষকে যে শ্রদ্ধা এবং সম্মান দেন তা সত্যিই শিক্ষণীয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়