ভোলায় সাংবাদিকের জমি দখলের অভিযোগ, পরিবারকে নিরাপত্তা দিতে ডিআইজির হস্তক্ষেপ কামনা
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী এলাকায় দীর্ঘদিনের ভোগদখলীয় ও চাষাবাদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় জমি উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল রেঞ্জ ডি আইজির কাছে লিখিত আবেদন করেছেন গণমাধ্যমকর্মী মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত।
রেঞ্জ ডিআইজির কাছে দেওয়া আবেদনে মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত উল্লেখ করেন, টবগী ৩ নম্বর ওয়ার্ডে তার মায়ের নামে ১৯৭২ সালের দলিলভুক্ত এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা চাষাবাদের ফসলি জমি গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে জোরপূর্বক দখল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আবেদনে তিনি জানান, পেশাগত কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করেন। ঢাকায় অবস্থানের সুযোগে প্রতিপক্ষ ওই জমি দখল করেছে বলে তার অভিযোগ।
বাবলু পন্ডিত আরও অভিযোগ করেন, জমি দখলের খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জমি দখলমুক্ত করার চেষ্টা করেন। এ সময় বিবাদীপক্ষের লোকজন তার ওপর চড়াও হয় এবং তাকে মিথ্যা মামলা, হামলা ও প্রাণনাশের হুমকি দেয় বলে তিনি দাবি করেন।
লিখিত আবেদনে তিনি সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগও করেন। এছাড়া তার বিরুদ্ধে ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
তিনি আরও দাবি করেন, বিবাদীপক্ষের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অতীতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং সংশ্লিষ্ট সংবাদ ও অন্যান্য নথির কপি তিনি আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর ভবিষ্যতে মামলা-হামলা না করার অঙ্গীকারে মুক্তি পাওয়ার বিষয়টিও আবেদনে উল্লেখ করেছেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. নজরুল ইসলাম লিটন বা তার পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
আবেদনের শেষাংশে মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত তার চাষাবাদের জমি উদ্ধার, নিজের নিরাপত্তার জন্য ডিআইজি মহোদয় এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।