কলমাকান্দায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

‎মো:রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০২, শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎‎‘স্বপ্ন যারা দেখে, তারাই একদিন ইতিহাস রচনা করে’—এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় ইবতেদায়ী পঞ্চম, দাখিল অষ্টম, জুনিয়র বৃত্তি এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার  ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক পান্না সাহা ও এনামুল হক তালুকদারের যৌথ সঞ্চালনায় কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তানভীর আহমেদ ও আজিজুল ইসলাম মানহা।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা ও বাইবেল পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থী আজিজুল ইসলাম মানহা এবং তানভীর আহমেদ তাদের অনুভূতি ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

‎সংবর্ধিত শিক্ষার্থীদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি ডেপুটি  স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বই উপহার দেন। এ ছাড়া বিভিন্ন বিখ্যাত লেখকের বইও শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়।

‎বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অর্জিত মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সাফল্যের এ অর্জন ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে হবে। নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

‎বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের এমন সম্মাননা তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।

‎সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, জারি গান, নজরুলগীতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশন করা হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়