রাঙ্গাবালীতে মাধ্যমিক বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের সংকট, পছন্দের বিষয়ে পড়তে পারছে না শিক্ষার্থীরা

মোঃ হানিফ মিয়া , রাঙ্গাবালী (পটুয়াখালী) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২২, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগ না থাকায় পছন্দের বিষয়ে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। কোথাও বিভাগের অনুমোদন নেই, আবার কোথাও শিক্ষার্থী সংকটের কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ব্যবসায় শিক্ষা বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের বাধ্য হয়ে অন্য বিভাগে ভর্তি হতে হচ্ছে। এ পরিস্থিতি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি বিভাগে পাঠদানের সুযোগ থাকার কথা। কিন্তু রাঙ্গাবালীর বেশির ভাগ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগ নেই। ফলে এ বিষয়ে পড়তে আগ্রহী অনেক শিক্ষার্থী নিজ উপজেলায় সেই সুযোগ পাচ্ছে না।

বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগ না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও তারা এ বিষয়ে পড়তে পারছে না। বিভাগটি চালু হলে অনেক শিক্ষার্থী এতে ভর্তি হতে আগ্রহী হবে বলে তাদের বিশ্বাস। তারা দ্রুত বিভাগটি চালুর দাবি জানিয়েছে।

বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব হোসাইন বলেন, আমাদের বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের অনুমোদন নেই। আবার শিক্ষার্থী সংখ্যাও কম। এ কারণে বিভাগটি চালু করা সম্ভব হয়নি। উপজেলার কয়েকটি বিদ্যালয়ে অনুমোদন থাকলেও পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় সেখানেও কার্যক্রম নিয়মিত নয়।

রাঙ্গাবালী উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদী কুমার বাহাদুর বলেন, শিক্ষার্থী কম থাকায় উপজেলায় ব্যবসায় শিক্ষা বিভাগ প্রায় নেই বললেই চলে। তবে কোনো বিদ্যালয় থেকে চাহিদা এলে এবং শিক্ষার্থীর সংখ্যা পর্যাপ্ত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের ভাষ্য, বর্তমান সময়ে ব্যাংকিং, হিসাববিজ্ঞান, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা–বাণিজ্যসংক্রান্ত উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্ব বেড়েছে। অথচ রাঙ্গাবালীর শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, বিভাগ অনুমোদন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, দ্বীপাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক শিক্ষার সমান সুযোগ নিশ্চিত না হলে তারা উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়