সরকার মনে করলে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
সরকার মনে করলে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি-না? ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী অধিবেশন ৬০ দিনের মধ্যে, দুটি টাইমই যেহেতু ম্যাচ করছে, সেহেতু বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজন দেখছি না।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। তাদের মতামত অগ্রাহ্য করছে না সরকার।
এদিকে, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, ফাঁসির আসামি হওয়ায় দেশে চৌহদ্দিতে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে।
মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি দেশে আসতেই পারেন। তবে তিনি কোন প্রক্রিয়ায় দেশে আসবেন সেটা তার বিষয়। দেশে ঢোকার পর তার বিচারের প্রক্রিয়া শুরু হবে।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও এসময় জানান আইনমন্ত্রী।