‘মাত্র ইন্টার পড়ুয়া একটা ছেলের জীবন অন্ধকার হয়ে গেল’

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৩, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) নিয়ে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব জাবের বিন নুর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। অস্ত্রোপচারের মাধ্যমে চোখের আকৃতি ঠিক রাখার চেষ্টা করা হবে। একই সঙ্গে অন্য চোখ এবং মস্তিষ্কেও জটিলতা দেখা দেওয়ার আশঙ্কার কথা চিকিৎসকের বরাত দিয়ে উল্লেখ করেন তিনি।

জাবের বিন নুর লিখেছেন, ‘মাত্র ইন্টার পড়ুয়া একটা ছেলের জীবন অন্ধকার হয়ে গেল।’

তিনি আরও দাবি করেন, পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও আলিফ সমাজ ও দেশের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতেন। পোস্টে উল্লেখ করা হয়, আলিফের মা মানসিকভাবে অসুস্থ, বাবা শারীরিকভাবে অক্ষম এবং তার ছোট ভাই অটিজমে আক্রান্ত। এমন পরিস্থিতিতে পরিবার সামলানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

পোস্টে জাবের বিন নুর অভিযোগ করেন, প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের নেতৃত্বে আসার সুযোগ দীর্ঘদিন ধরে সীমিত ছিল। এনসিপি সেই স্বপ্ন দেখালেও আলিফের মতো তরুণদের ওপর হামলার মাধ্যমে সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি হামলার জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে লেখেন, ক্ষমতা ও আধিপত্যের রাজনীতির কারণে নিরীহ মানুষের রক্ত ঝরছে এবং এর বিচার হওয়া উচিত। একই সঙ্গে দায়ীদের পরিণতি দেখার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেন।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী (১৯)। ঘটনার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়