মেহেরপুরের রংমহল সীমান্তে পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
মোহাম্মদ রাশেদ, মেহেরপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতা ও প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
বিজিবির গোয়েন্দা তথ্য এবং সীমান্তে দায়িত্ব পালনরত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত হয়। পরে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়।
পরে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।