তেলের গুজবে সড়ক অবরোধ, জামালপুরে দুর্ভোগ
জামালপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল পাওয়া যাবে—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই হুমড়ি খেয়ে পড়েন মোটরসাইকেল চালকরা। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কের ইসলামপুর উপজেলার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ বাইকাররা সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পাম্পে তেল সরবরাহের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক সেখানে জড়ো হন। কিন্তু পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি। এতে অপেক্ষমাণ চালকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ গড়ে তোলেন।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ সরিয়ে দেয়। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুকে ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে ওই পাম্পে কোনো জ্বালানি তেল ছিল না। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।