জামালগঞ্জে সুরমার নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান।

দিল আহমেদ জামালগঞ্জ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৩৬, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন

ছবি: বিএমএফ টেলিভিশন

‎সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে ডুবে গেছে বালুভর্তি একটি নৌযান। এ ঘটনায় নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে দুজন নিখোঁজ হয়েছেন। প্রাণে বেঁচে যাওয়া অপর চার শ্রমিকের মধ্যে দুজন আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ শ্রমিকরা হলেন জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটিতে ৭৫০ ফুট বালু বোঝাই ছিল। নৌকাটি সাচনা বাজার মাছঘাটের অদূরে সুরমা নদীতে নোঙর করে রাখা হয়েছিল। রাতযাপনের জন্য নৌকাটিতে অবস্থান করছিলেন ছয় শ্রমিক। তাঁদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য চারজন ছিলেন বালুর উপর।

‎তাদের অজানাতে গভীর রাতে নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নদীর তীরে খুঁটির সঙ্গে বেঁধে রাখা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর গভীর তলদেশে তলিয়ে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে আটকা পড়ে নিখোঁজ হন। তবে বাকি চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

‎দুর্ঘটনায় আহত দুই শ্রমিক মোস্তাকিম ও সুমনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল ও অনু দাস সুস্থ রয়েছেন।

‎ঘটনার পরপরই নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই শ্রমিকের সন্ধান মেলেনি।

‎জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুভর্তি নৌকাডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়