ডিএমপির শ্রেষ্ঠ ওসি মিরপুর মডেল থানার হাফিজুর রহমান, টানা ৩য় বার পেলেন স্বীকৃতি
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে অসামান্য অবদান রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন মিরপুর মডেল থানার ওসি এবং পিপিএম পদকপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।
কর্মক্ষেত্রে অনন্য নৈপুণ্য ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এ নিয়ে তিনি টানা তিনবার ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে এই গৌরব অর্জন করলেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই সম্মাননা ও স্মারক তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
ডিএমপি সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীতে অপরাধ দমন, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনবান্ধব পুলিশিং নিশ্চিত করায় মূল্যায়ন বিচারে তিনি শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী তাঁর দায়িত্বশীল ভূমিকার জন্য ইতোপূর্বেও একাধিকবার সম্মানিত হয়েছেন।
টানা তৃতীয়বারের মতো ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, পিপিএম-কে বিএমএফ টেলিভিশন (BMF TV) পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।