কলমাকান্দায় দুই নদীতে সেতুর সম্ভাবনা, এলাকা পরিদর্শনে প্রকল্প পরিচালক
মোঃ রিপন মিয়া স্টাফ রিপোর্টার : || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি দুই নদীর প্রস্তাবিত সেতুর সম্ভাব্য স্থান ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীর বর্তমান অবস্থা, যোগাযোগব্যবস্থা ও সেতু নির্মাণের সম্ভাব্য স্থানসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ উন্নয়নমূলক উদ্যোগ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির দিকনির্দেশনা ও প্রচেষ্টার ধারাবাহিকতার অংশ হিসেবে এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার বলেন, মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেতু দুটি নির্মাণ হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি সীমান্ত সড়কের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনে পাওয়া তথ্য ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ দুই সেতু নির্মিত হলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।