হুতিদের মোকাবিলায় সৌদিতে সেনা মোতায়েন করছে পাকিস্তান ও তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৪, মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করবে তুরস্ক ও পাকিস্তান। ইয়েমেনের হুতিদের হামলা ক্রমেই বাড়তে থাকায় নতুন পারস্পরিক প্রতিরক্ষা জোটের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার (৫ অক্টোবর) যৌথ বিবৃতিতে তিন দেশ জানিয়েছে।

গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতি’ সই করেছিল। চুক্তির আওতায় কোনো দেশ হামলার শিকার হলে অন্য দেশগুলো সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই চুক্তির মাধ্যমে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের প্রধান শক্তি সৌদি আরব একটি জোটে যুক্ত হলো।

হুতিদের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষিতে সোমবার রিয়াদে তিন দেশের প্রতিনিধিরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সৌদি আরবে সাম্প্রতিক হামলার বিষয়টি তুলে ধরা হয়। বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে চালানো হামলার বিষয়ে আলোচনা হয়। তবে এসব হামলার জন্য ইরান-সমর্থিত হুতিদের সরাসরি দায়ী করা হয়নি।

পরে এক যৌথ বিবৃতিতে তিন দেশ জানায়, ‘সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির প্রতি আমাদের দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করছি।’

এ ছাড়া তারা ‘সম্মিলিত প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়া এবং সৌদি আরবে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা মোতায়েনের ব্যবস্থা করার পাশাপাশি দ্রুত সেনা মোতায়েন নিশ্চিত করতে সম্মত হয়েছে। তবে সৌদি আরবে মোতায়েনের পর এসব সেনা ঠিক কী ধরনের ভূমিকা পালন করবে, তা যৌথ বিবৃতিতে সুনির্দিষ্ট করে বলা হয়নি।

গত জুলাইয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিভিন্ন শহর, তেল অবকাঠামো ও জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা।

সেপ্টেম্বরে হুতিরা নতুন করে অভিযান শুরু করে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কাছ থেকে দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর জবাবে সোমবার সৌদি আরবের সমর্থনে পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেন সরকার। দীর্ঘদিন ধরে হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনর্দখলের লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়