শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করা আলেমদের প্রত্যাশার পরিপন্থি: হেফাজত

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:৫৩, শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো হেফাজতের প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়।

হেফাজতের নেতারা বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল যে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থি। তিনি প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনা-বিরোধী মতাদর্শে বিশ্বাসী।

বিবৃতিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এই পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল ও উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত হানবে।

সরকারকে সতর্ক করে বলা হয়, দেশের কওমি আলেম সমাজের পরামর্শ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থায় চরম চির ধরবে। তাই আলেমদের সঙ্গে পরামর্শক্রমে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়