শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সোহারাফ হোসেন সৌরভ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগের মুখে রয়েছেন সামিউল আজম মুনির, যিনি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব-এর বর্তমান সভাপতি। ‘উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সম্পৃক্ততা, জমি দখল, ব্যবসায়ীদের ওপর হামলা এবং সাধারণ মানুষের ওপর নিপীড়নের অভিযোগ তোলেন।
সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের শেষ পর্যায়ে সামিউল আজম মুনির তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি উত্তেজিত জনতার হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে খালেদুর রহমান, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সামিউল আজম মুনির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং সম্ভাব্য তদন্তের জন্য থানার পক্ষ থেকে একটি টিম গঠন করা হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত সভাপতি সামিউল আজম মুনিরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।