দ্বিতীয় বছরে পা রাখলো এনসিপি

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:২৩, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রাজনৈতিক দল হিসেবে দ্বিতীয় বছরে পা রাখলো জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। নানা সীমাবদ্ধতা ও ঘাটতি থাকলেও গত একবছরে জুলাই গণঅভ্যুত্থান ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আপসহীন ছিলো এনসিপি, বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে বিশ্লেষকদের মতে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন এনসিপির সামনে সুযোগ ও সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজ লাগাতে পারেনি দলটি। 

চব্বিশের জুলাই-আগস্ট। রাজপথে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘদিনের ফ্যাসীবাদী শাসনের। এর ছয় মাসের মধ্যেই ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির।

অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে এনসিপির রাজনীতি আবর্তিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চায় দলটি।

দল গঠনের এক বছরের মধ্যে জোটবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ৩০টি আসনের মধ্যে ছয়টিতে জয়লাভ করে এনসিপির প্রার্থীরা। বিষয়টিকে ইতিবাচক বলছেন এনসিপির আহ্বায়ক।

তবে, রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে এনসিপি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই রাজনৈতিক দল ভবিষ্যত বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্তের দিশারী হতে পারবে কিনা সেই উত্তর সময়ই বলে দেবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়