নির্বাচনের পরেই আঘাত- তরমুজ ক্ষেত নষ্ট, তদন্তের দাবি কৃষকের
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের যৌথভাবে চাষ করা তরমুজ ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে দুই বিঘা জমিতে লাগানো তরমুজের চারাগাছ উপড়ে ফেলে জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়।
সোমবার সকালে জমিতে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে লাগানো তরমুজের চারাগাছগুলো পরিকল্পিতভাবে উপড়ে ফেলা হয়েছে। আশপাশের অন্যান্য জমির ফসল অক্ষত থাকলেও শুধুমাত্র মাওলানা আমিন আলী ও গনি মোড়লের ক্ষেতেই এ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার জেরেই রাজনৈতিক আক্রোশ থেকে এ ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী আমিন আলী বলেন, স্থানীয়ভাবে আমাদের কারও সঙ্গে কোনো বিরোধ নেই। তাই পরিকল্পিতভাবে আমাদের ফসল নষ্ট করা হয়েছে বলে আমরা মনে করছি।তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।