প্রবাসীদের স্থানীয় নির্বাচনেও ভোটাধিকার চান নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশের রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ শুধু জাতীয় নির্বাচনে সীমাবদ্ধ না রেখে স্থানীয় নির্বাচনেও তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিপুলসংখ্যক প্রবাসী ১১-দলীয় জোটকে ভোট দেওয়ায় বিএনপি সরকার এখন প্রবাসীদের ভয় পাচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের দশম অ্যারোন্ডিসমেন্টের একটি হোটেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা আয়োজিত ‘রিমেম্বারিং জুলাই হিরোজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকারের দাবি করছি।’ সম্প্রতি বিএনপির সদ্য বিদায়ী মহাসচিবের রংপুর বিভাগ নিয়ে দেওয়া বক্তব্যেও প্রবাসীদের বিষয়ে তাদের অবস্থানের চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান বিএনপি সরকার গণভোটের রায় অস্বীকার করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এর ফলে সরকারের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, জাতি পুনর্গঠনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। জুলাইয়ে মানুষ বড় স্বপ্ন দেখেছিল। শুধু সরকার পরিবর্তনই তাদের লক্ষ্য ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ছাড়া জুলাই সফল হবে না।
দেশের অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘অর্থনীতিকে ফ্যাসিবাদের আমলের ধারাবাহিকতায় আবারও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে।’ তাঁর মতে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তাওহিদা বেগম।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং এনসিপি গ্লোবাল ডায়াসপোরা অ্যালায়েন্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আলাউদ্দিন মোহাম্মদ।
জুলাই আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সাবন্তি এবং গুম ও আয়নাঘরের ভুক্তভোগী মসরুর আনোয়ার চৌধুরী সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লব জনতা সম্পন্ন করতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, ‘আমরা এক কোটি প্রবাসী বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। আমাদের দেশমাতৃকার জন্য দায়িত্ব রয়েছে। জুলাই আমাদের দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়।’
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি ফ্রান্স শাখার সদস্য ডা. মাজহারুল তালুকদার, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইমাদ উদ্দিন, সাকিব হোসেন ইবন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, অ্যাক্টিভিস্ট ওয়াদুদ তানভীর, আবু হুরাইরা, আবদুল্লাহ আফ্রিদ ও ইকরামুল কবির সালমানসহ আরো অনেকে।