বর্তমানে ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার: বেনেট

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৩০, রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশটির জন্য ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার। একই সঙ্গে তিনি আবারও অঙ্গীকার করেন, এ বছরের শেষ দিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন।

শনিবার চ্যানেল টুয়েলভ-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে দ্য টুগেটার পার্টির দলের নেতা বেনেট তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ইরানের ক্ষেত্রে সবাই জানে যে তারা বলে, আমরা ইসরায়েলকে ধ্বংস করব।

কিন্তু কাতার সম্পর্কে তিনি বলেন, তারা ৭ অক্টোবর (২০২৩)-এর নুখবা সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। কাতার আল জাজিরা পরিচালনা করে, যা আমাদের ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বিষাক্ত ক্যানসারের মতো। কাতার মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাবশালী মহলে পৌঁছে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরায়েলের নিরাপত্তার সবচেয়ে পবিত্র স্থান—অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়েও তাদের প্রবেশাধিকার রয়েছে।

এ বক্তব্যের মাধ্যমে তিনি সম্ভবত কথিত ‘কাতারগেট’ কেলেঙ্কারির প্রতি ইঙ্গিত করেন। ওই ঘটনায় অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক ও বর্তমান কয়েকজন সহযোগী, যার মধ্যে জ্যেষ্ঠ উপদেষ্টা জোনাথান উরিখও রয়েছেন, ৭ অক্টোবর হামাসের হামলার পর এক বছরেরও বেশি সময় ধরে কাতারের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরার জন্য পরিচালিত একটি জনসংযোগ প্রচারণায় অর্থ গ্রহণ করেছিলেন।

বেনেট বলেন, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের বিষিয়ে তুলছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েল এখনও কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করেনি।

তিনি বলেন, তাই বর্তমান আইন অনুযায়ী যে কেউ কাতারের হয়ে কাজ করতে পারে। আপনি কাতারের এজেন্টও হতে পারেন। ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রুকে এখনও শত্রুরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি।

বেনেটের দাবি, ইসরায়েলের অনেকেই কাতারের অর্থে পরিচালিত হচ্ছেন। তিনি বলেন, ইসরায়েলে এমন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, এমন প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন, এমনকি হয়তো সরকারি কর্মকর্তারাও আছেন, যারা কাতারের অর্থে পরিচালিত হচ্ছেন।

তিনি অঙ্গীকার করে বলেন, পরবর্তী সরকারে আমরা কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করব। তার ভাষায়, এখনও তা না করা ‘অমার্জনীয়’।

কয়েক দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বেনেট কাতারের বিরুদ্ধে কঠোর মন্তব্য করলেন। এর আগে সোমবার এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেছিলেন, কাতারের নেতাদের লক্ষ্য হলো ইসরায়েলকে নির্মূল করা, এটাই সত্য।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়