৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩১, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি মানবিক কাজের হাত বাড়িয়ে দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।  আসন্ন সিনেমা ‘রানা বালি’ মুক্তির আগে অভিনব এক উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী।

একযোগে ৪০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর ওই পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য খরচের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির খবর ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে রাশমিকা জানান, আসন্ন ছবি ‘রানা বালি’-তে তার অভিনীত চরিত্র ‘জায়াম্মা’-র সঙ্গে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ বা ইচ্ছা তাদের দুজনের মধ্যেই একরকম।

নিজের এই উদ্যোগ জনসমক্ষে আনার পেছনের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী লেখেন, ‘আপনারা আমাকে যে ভালোবাসা দেন, তার বিনিময়ে আমি সবসময় এমন কিছু না কিছু করার চেষ্টা করি। তবে এতদিন এগুলো একান্ত গোপনেই রাখতাম। ভাবতাম, আমি, আমার টিম আর অল্প কিছু মানুষ জানলেই তো যথেষ্ট। কিন্তু এবার আমি বিষয়টি প্রকাশ্যে আনছি এই ভেবে যে, যদি এটি আমার প্রিয় ভক্তদের কাউকে এমন ভালো কাজ করতে অনুপ্রাণিত করতে পারে, তবে আমি অত্যন্ত খুশি হবো’।

অভিনেত্রী জানান, এই সহায়তার মাধ্যমে ওই পরিবারগুলোকে প্রতিবার তিন মাস করে খাদ্যসামগ্রী দেওয়া হবে। এর ফলে ওই পরিবারগুলো নিত্যপণ্যের খরচের টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও ভালোভাবে সাজাতে পারবে।

ভক্তদের উদ্দেশে ছোট ছোট ভালো কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছোট একটি সদয় কাজও মানুষের জীবন বদলে দিতে পারে, আর এর জন্য সেটি বিশাল কিছু হতে হবে না। চলুন, আমরা সবাই ছোট কিছু দিয়েই শুরু করি!’

নিজের কর্মজীবন ও সংগ্রামের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, এই পরিবারগুলোর মুখে হাসি ফোটার দৃশ্যই তার এত বছরের সব কষ্ট সার্থক করে তুলেছে।

‘বিশ্বাস করুন, এই মানুষগুলোর মুখের হাসিই আমার গত কয়েক বছরের কর্মজীবনের প্রতিটি ঘুমহীন রাত, আঘাত, সংগ্রাম, কষ্ট এবং চোখের পানির মূল্য ফিরিয়ে দেয়। এটি একেবারেই অমূল্য’, যোগ করেন তিনি।

এই উদ্যোগের অংশ হিসেবে তিনি কোন কোন খাদ্যসামগ্রী দান করবেন, তার একটি তালিকাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়