ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের দাবি, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। খবর টাইমস অব ইসরাইল।
সংযুক্ত আরব আমিরাত থেকে দেওয়া এই তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে তেহরান ‘সমঝোতায় পৌঁছানোর আন্তরিকতার লক্ষণ’ হিসেবে দেখছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত।
তিনি আরও জানান, ইসলামাবাদে চলমান আলোচনায় হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে এবং এই পদক্ষেপ সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে সমঝোতা হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।