ট্রাম্পের কভারেজ বন্ধ করল মার্কিন টিভি নেটওয়ার্কগুলো

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২৪, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সিএনএনসহ কয়েকটি গণমাধ্যমের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিডিও কভারেজ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্কগুলো। এবিসি, সিবিএস, এনবিসি এবং ফক্স নিউজের মতো প্রধান সম্প্রচারমাধ্যমগুলো ঐক্যবদ্ধভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস অনলাইনে 'ট্রাম্প টিভি' নামে নিজস্ব ভিডিও ফিড প্রচার শুরু করেছে।

সম্প্রতি সিএনএন, পলিটিকো ও এমএস নাউ-এর বিরুদ্ধে নেতিবাচক ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এমনকি সাংবাদিকদের প্রেস ব্যাজও জব্দ করা হয়। এর জবাবে নিষিদ্ধ গণমাধ্যমগুলো প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা করেছে। একইসঙ্গে তাদের প্রতি সংহতি জানিয়ে প্রেস পুলের অন্য নেটওয়ার্কগুলো রাষ্ট্রপতির ভিডিও কভারেজ বন্ধের ঘোষণা দেয় এবং নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ পত্রিকাগুলোও প্রেসিডেন্টের ছবি প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায়।

মার্কিন প্রেস পুলের ইতিহাসে এমন ঘটনা বিরল উল্লেখ করে গণমাধ্যমগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সরকারের বিষয়ে স্বাধীন ও নির্ভুল তথ্য পাওয়ার অধিকার জনসাধারণের রয়েছে এবং কোনো প্রশাসনেরই খবর পছন্দ না হওয়ায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করা অনুচিত। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, তিনি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছেন না, বরং জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছেন।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়