অক্টোবরেই বাংলাদেশের সঙ্গে খেলতে চায় ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:০২, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ভারত সফর ঘিরে বাংলাদেশেও কিছু কার্যক্রমের পরিকল্পনা রয়েছে সেলেসাওদের। সেই পরিকল্পনার অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) আকস্মিকভাবে ঢাকায় আসে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পাশাপাশি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে খেলবে ৩ অক্টোবর।

সূত্র জানায়, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল। যদিও ব্রাজিলের প্রতিনিধিদল কিংবা বাফুফে কোনো পক্ষ এ নিয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।

বাংলাদেশ সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপে খেলবে। ইন্দোনেশিয়ায় ওই টুর্নামেন্ট ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশের টুর্নামেন্টের ফাইনাল খেলা বাস্তবিক অর্থে হয়তো সম্ভব নয়। গ্রুপ পর্বের তিন ম্যাচ ও স্থান নির্ধারণী ম্যাচ খেলে দেশে ফিরতে ৩ অক্টোবর রাত কিংবা ৪ অক্টোবর। দুই দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে খেলা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য।

আসিয়ান টুর্নামেন্ট ফিফার তত্ত্বাবধানে হচ্ছে। এ টুর্নামেন্টের সূচি ৪ অক্টোবর পর্যন্ত। ওই সূচির মধ্যে বাংলাদেশ অন্তত চারটি ম্যাচ খেলবে। সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। ফলে বাংলাদেশের আসিয়ান কাপেই চার ম্যাচ খেলা হয়ে যাবে। সে ক্ষেত্রে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃতি পাওয়া সম্ভব নাও হতে পারে। তাই সব মিলিয়ে বাফুফে বেশ দোটানায়। বাংলাদেশ ৬ অক্টোবর ব্রাজিলকে সম্মতি দিলে আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ নিয়েও সংশয় তৈরি হতে পারে।  

ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ব্রাজিলকে বাংলাদেশে আনা বাফুফের জন্য অনেক ব্যয়বহুল হবে। কলকাতায় আসা খরচ অনেকটা কমবে এখন। বিশ্বস্ত সূত্রের খবর, ব্রাজিলের ৯০ জনের কন্টিনজেন্টকে বাফুফেকে কলকাতা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে দুবাই চার্টার্ড করে পাঠাতে হবে। পাশাপাশি আনুষাঙ্গিক খরচ তো রয়েছেই। যদিও সেটা সুদূর ব্রাজিল থেকে সরাসরি উড়িয়ে আনার চেয়ে অনেক কম।

গত দুদিন ভারতের মিডিয়ায় সল্টলেকের মাঠ ও পরিবেশ নিয়ে ব্রাজিল দল সন্তুষ্ট নয় এমন আলোচনা ছিল। এ জন্য ঢাকা আসছে এমন খবর শোনা গিয়েছিল। মাঠ নিয়ে অসন্তুষ্ট হলে ৩ অক্টোবর ম্যাচ খেলবে কীভাবে ব্রাজিল সেই প্রশ্ন উঠেছিল। ভারতের সল্টলেকে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেই ভেন্যু নিয়ে অসন্তোষ হয়ে বাংলাদেশে আগমন নিয়ে খানিকটা খটকা থাকলেও এখন অনেকটা পরিষ্কার বাংলাদেশ নিয়ে তাদের আলাদা পরিকল্পনা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়