প্রধানমন্ত্রীকে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, মনের অ্যাঙ্গেল বদলাতে হবে
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ভারতীয় সংসদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা বলেছেন, বিরোধীদের দোষারোপ করে বা রাজনৈতিক প্রচারণামূলক ভিডিও বানিয়ে জনগণের আস্থা ফেরানো যাবে না। জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করতে হলে ‘প্রধানমন্ত্রীকে ক্যামেরা এঙ্গেল নয়, মনের এঙ্গেল বদলাতে হবে।’
সংসদে দেওয়া বক্তব্যে প্রিয়াঙ্কা বলেন, বর্তমান প্রজন্ম সচেতন এবং তারা সত্য-মিথ্যা সহজেই বুঝতে পারে। তাই তরুণদের মন জয় করতে হলে সত্যকে গ্রহণ করতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে দেশের তরুণ সমাজ অন্যায় ও নিপীড়নের শিকার হয়েছে এবং সরকারকে সেই বাস্তবতা স্বীকার করতে হবে।
কংগ্রেসনেত্রী বলেন, দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণ করে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে একটি নতুন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
জাতীয় শিক্ষা নীতি (এনইপি)-এর সমালোচনা করে প্রিয়াঙ্কা দাবি করেন, বর্তমান ব্যবস্থায় বছরের প্রায় আট মাস পরীক্ষাকেন্দ্রিক কার্যক্রম চলায় শিক্ষকেরা পাঠদানে পর্যাপ্ত সময় পান না। তার অভিযোগ, শিক্ষাব্যবস্থায় শুধু নির্দিষ্ট মতাদর্শের লোক নিয়োগের পরিবর্তে যোগ্য, শিক্ষিত, উদার ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত।
প্রিয়াঙ্কা গান্ধী সরকারের প্রতি কর্মসংস্থান সৃষ্টিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি চিকিৎসা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে আরও বেশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান, যাতে কঠোর পরিশ্রম করেও যারা ভবিষ্যৎ গড়তে পারছে না, তারা নতুন করে স্বপ্ন দেখতে পারে।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের রাজপথ থেকে সরানো যেতে পারে, কিন্তু তাদের প্রশ্নগুলোকে সরানো যাবে না। তিনি অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে সরকারের ভাবমূর্তিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার ভাষায়, দেশের তরুণরা ‘দয়া নয়, ন্যায়বিচার’ চাইছে। তারা সরকার পতনের জন্য নয়, বরং রাষ্ট্রের প্রতি নিজেদের আস্থা রক্ষার জন্য আন্দোলন করছে।
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিজেদের ভাবমূর্তি রক্ষা করুন, মানসিকতার পরিবর্তন আনুন, অহংকার ত্যাগ করুন এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন।’
বক্তব্যের শেষ অংশে প্রিয়াঙ্কা গান্ধী সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে নির্বাচনে ভোট, রামমন্দিরে অনুদান, রাষ্ট্রীয় সম্পদ ও কৃষিজমি নিয়ে অনিয়ম হয়েছে। তবে তার মতে, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তখন, যখন দেশের তরুণদের ভবিষ্যৎ ও স্বপ্ন ‘চুরি’ হয়ে গেছে।
সংসদে দেওয়া এই বক্তব্যে প্রিয়াঙ্কা গান্ধী সরকারের শিক্ষা, কর্মসংস্থান, তরুণদের প্রতি আচরণ এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।